পাহাড়ি ঢল ও বন্যায় মত্স্য চাষিদের ব্যাপক ক্ষতি

শেরপুর প্রতিনিধি

শেরপুর জেলায় সাম্প্রতিক প্রবল বর্ষণে সৃষ্ট পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যায় বিভিন্ন পুকুর ও মত্স্য খামারের চাষিদের প্রায় ২১ কোটি টাকার মাছ ভেসে গেছে। ক্ষতিগ্রস্ত মত্স্য চাষিরা কিভাবে তাদের ক্ষতি পুষিয়ে নেবেন এটাই তাদের এখন বড়ো চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

অনুসন্ধানে জানা গেছে, সরকারি হিসেব অনুসারে জেলার সদর, ঝিনাইগাতী, নালিতাবাড়ি, শ্রীবরদী ও নকলা উপজেলায় মোট ৩ হাজার ১৬২টি পুকুর ও মত্স্য খামার বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ঝিনাইগাতি উপজেলায় ৭৫৫টি, নালিতাবাড়িতে ৩৭০, নকলায় ৮৫০, শ্রীবরদী ৫৫৪ এবং সদর উপজেলায় ৬৩৩টি পুকুর ও মত্স্য খামারের মাছ এবং মাছের পোনা ভেসে গেছে।

জেলা মত্স্য কর্মকর্তা আনোয়ারা বেগম জানান, বন্যায় প্রায় সাড়ে তিন হাজার পুকুর ও মত্স্য খামার ডুবে গেছে। সেই সঙ্গে পুকুরের পাড় ভেঙে গেছে এবং অবকাঠামোর ক্ষতি হয়েছে। এর ফলে ২ হাজার ৪০৬ জন মত্স্য চাষি ক্ষতিগ্রস্ত হয়েছেন। মত্স্য চাষিদের পুনর্বাসনের জন্য ইতিমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য আবেদন জানানো হয়েছে।