নারী ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে লিগ পর্বে নিজেদের ষষ্ঠ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সোমবার (২০ অক্টোবর) মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে লঙ্কানরা।
গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে ফেরানো হয়েছে তারকা পেসার মারুফা আক্তার ও স্পিন স্পেশালিস্ট নাহিদা আক্তারকে। সর্বশেষ ম্যাচে দুজনই ছিলেন একাদশের বাইরে।
পাকিস্তান হারিয়ে এবারের বিশ্বকাপ শুরু করেছিল নিগার সুলতানা জ্যোতির দল। তবে এরপর টানা চারটি হারের তেঁতো স্বাদ পায় বাংলাদেশের মেয়েরা। এরমধ্যে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের আশা জাগিয়েও হেরেছে টাইগ্রেসরা।
৫ ম্যাচ খেলে ২ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে আছে বাংলাদেশ। এ অবস্থায় সেমিফাইনালে খেলার সুযোগ এখনও আছে টাইগ্রেসদের। এজন্য শেষ দুই ম্যাচ তো জিততেই হবে, পাশাপাশি স্বাগতিক ভারত ও নিউজিল্যান্ডের হারের অপেক্ষায় থাকতে হবে।
বাংলাদেশ একাদশ: ফারজানা হক, রুবিয়া ঝিলিক, শারমিন আক্তার, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), সোবহানা মোস্তারি, রিতু মনি, স্বর্ণা আক্তার, নাহিদা আক্তার, রাবেয়া খান, নিশিতা আক্তার ও মারুফা আক্তার।