ডেঙ্গু রোধে ‘ব্যর্থ’ দুই মেয়রের পদত্যাগ দাবি গণফোরামের

ইত্তেফাক রিপোর্ট

ডেঙ্গু প্রতিরোধে ব্যর্থতার অভিযোগ এনে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের মেয়রের পদত্যাগ দাবি করেছেন গণফোরামের নেতারা। ডেঙ্গু, খুন-ধর্ষণের প্রতিবাদে গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে গণফোরাম আয়োজিত অবস্থান কর্মসূচিতে তারা এই দাবি জানান।

কর্মসূচিতে গণফোরামের নির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাইয়িদ মশা নির্মূলে ওষুধ কেনায় দুর্নীতি হয়েছে অভিযোগ করে বলেন, এ সরকার সব ক্ষেত্রে ব্যর্থ।

উত্তরাঞ্চলের বন্যাকবলিত মানুষ দুর্বিষহ জীবনযাপন করছে উল্লেখ করে আবু সাইয়িদ বলেন, ডেঙ্গু, খুন, ধর্ষণ, বন্যা সব মহামারিতে রূপান্তরিত হয়েছে। এই মহামারির সরকার জনগণ চায় না।

গণফোরামের আরেক নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, মানুষ ডেঙ্গুতে ভুগছে কিন্তু দুই মেয়র আনন্দ মিছিল করে বেড়ান। তিনি বলেন, এ সরকার যতদিন দেশ শাসন করবে ততদিন মানুষের দুঃখ বাড়বে। অবস্থান কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গণফোরামের সভাপতি পরিষদের সদস্য আমিন, জগলুল হায়দার আফ্রিক, সাংগঠনিক সম্পাদক লতিফুল বারী হামিম প্রমুখ।