মশা মারার ওষুধ সরাসরি আমদানি করবে ডিএনসিসি

ইত্তেফাক রিপোর্ট

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, মশার ওষুধ ক্রয় সংক্রান্ত সকল সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে। এখন থেকে ডিএনসিসি সরাসরি ওষুধ আমদানি করতে পারবে। মশক নিধন কর্মী ও পরিচ্ছন্নতা কর্মীদের মনিটরিং করার জন্য জিপিএস ট্র্যাকার এর সাহায্য নেওয়া হবে। গতকাল গুলশান ক্লাবে জাতীয় দৈনিক, টিভি চ্যানেল ও অনলাইন পত্রিকার সম্পাদকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মেয়র বলেন, এখন থেকে বছরব্যাপী ডেঙ্গু নিয়ে কাজ করতে হবে এবং স্বাস্থ্য অধিদপ্তর, দুই সিটি করপোরেশন, উদ্ভিদ সংরক্ষণ বিভাগ সবাইকে নিয়ে একটি ডেঙ্গু গবেষণা কেন্দ্র চালু করা প্রয়োজন। মেয়র বলেন, ডিএনসিসি পাঁচ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করবে, যারা বিভিন্ন ভবনে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে অ্যাডিস মশার বংশ বিস্তারের উত্স আছে কি না এবং হাসপাতালগুলোতে নির্ধারিত মূল্যে ডেঙ্গু রোগের চিকিত্সা হচ্ছে কি না এসব বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করবেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডেইলি অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ সংবাদ সংস্থার প্রধান বার্তা সম্পাদক আনিসুর রহমান, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, ডেইলি সান সম্পাদক এনামুল হক চৌধুরী প্রমুখ।