ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে মাঠে নামছে বাংলাদেশ। মঙ্গলবার (২১ অক্টোবর) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
সম্প্রতি ওয়ানডে ক্রিকেটে কঠিন সময় পার করেছে বাংলাদেশ। তবে সিরিজের প্রথম ম্যাচে ৭৪ রানের বড় ব্যবধানে জয় পায় মেহেদী হাসান মিরাজের দল। দ্বিতীয় ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের৫ করে নিতে চায় স্বাগতিকরা।
এই ম্যাচে একাদশে একটি পরিবর্তন এনেছে টাইগার টিম ম্যানেজম্যান্ট। পেসার তাসকিন আহমেদের জায়গায় দলে এসেছেন স্পিনার নাসুম আহমেদ। মূলত মিরপুরের উইকেটে স্পিনাররা সহায়তা পেয়ে থাকে। তাই নাসুমকে একাদশে এনেছে তারা। এতে চারজন বিশেষজ্ঞ স্পিনার ও এক পেসার মুস্তাফিজুর রহমানকে নিয়ে নামছে বাংলাদেশ।
ওয়েস্ট ইন্ডিজ দলেও এসেছে দুটি পরিবর্তন। জেইডেন সিলসের জায়গায় একাদশে ঢুকেছেন আকিল হোসেন। এছাড়া রোমারিও শেফার্ডের জায়গায় অভিষেক হচ্ছে আকিম অগাস্টের।
বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্রেন্ডন কিং, অ্যালিক অ্যাথানেজ, কিসি কার্টি, শাই হোপ (অধিনায়ক), শেরফান রাদারফোর্ড, আকিম অগাস্ট, রোস্টন চেজ, জাস্টিন গ্রিভস, গুড়াকেশ মোতি, খারি পিয়েরে ও আকিল হোসেন।