মিল্কভিটাসহ পাঁচ কোম্পানি দুধ সংগ্রহ না করায় খামারিরা বিপাকে

মিল্কভিটার সিরাজগঞ্জ-পাবনার খামারিদের কাছ থেকে দুধ সংগ্রহ না করায় প্রায় ৪০ হাজার খামারি বিপাকে পড়েছেন। সোমবার সকালে মিল্কভিটাসহ আড়ং, প্রাণ, আকিজ, ফার্মফ্রেশ তাদের লক্ষাধিক গরু থেকে উত্পাদিত প্রায় ২ লাখ লিটার দুধ বিপণন না করতে পেরে চরম ক্ষোভ ও হতাশায় ভুগছেন। এ অবস্থায় তারা খামারের পশু পালন ও নিজেদের পরিবার নিয়ে চলতে হিমশিম খাচ্ছেন। তাদের প্রধান আয়ের উত্স দুধ উত্পাদন ও বাজারজাত হলেও এ অবস্থায় তারা মহাবিপাকে পড়েছেন।

শাহজাদপুরের পোতাজিয়া গ্রামের খামারিরা দুধ বিক্রি করতে না পেরে বাধ্য হয়েই বন্যার পানিতে ফেলে দিচ্ছেন। তারা জানিয়েছেন, আমরা দুধ উত্পাদনে কোনো অনিয়ম করি না। অথচ কোন অপরাধে আমাদের দুধ নেওয়া হচ্ছে না। সরকারের কাছে দাবি, যারা দোষ করে তাদের বিচার করা হোক। আর খামারিরা যারা সত্ উপায় অবলম্বন করি তাদের প্রতি যেন আদালত সদয় হয়।

মিল্কভিটা বাঘাবাড়ি প্লান্টের ডিজিএম ইদ্রিস আলী জানান, আদালতের নির্দেশে আমরা দুধ সংগ্রহ ও বিপণন বন্ধ রেখেছি। আমাদের এখানে প্রতিদিন ১ লাখ লিটার দুধ সংগ্রহ করা হলেও খামারিদের কাছ থেকে তা নেওয়া হচ্ছে না।