টেকনাফের ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক কারবারি নিহত

টেকনাফে মাদকবিরোধী অভিযানে কথিত বন্দুকযুদ্ধে দুই মাদক কারবারি নিহত হয়েছে। এ সময় র্যাবের চার জন সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে অস্ত্র, বুলেট প্রাইভেট কার ও মাদক উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন—সাবরাং লেজির পাড়ার বশির আহমদের পুত্র আব্দুর রহমান (৪২) ও রামু উপজেলার খুনিয়া পালংয়ের পূর্ব গোয়ালিয়া পাড়ার কবির আহমদের পুত্র ওমর ফারুক (৩১)।

জানা যায়, সোমবার ভোররাতে ঢাকা র্যাব-২ এর একটি টিম টেকনাফের উপকূলীয় বাহারছড়ায় বিশেষ চেকপোস্ট স্থাপন করে। র্যাব সদস্যরা দুই গ্রুপে বিভক্ত হয়ে ৮/১০ কিলোমিটার দক্ষিণ দিক হতে মাদক কারবারিদের ধাওয়া করে বিশেষ চেকপোস্ট এলাকায় নিলে মাদক কারবারি সিন্ডিকেটের একটি সশস্ত্র গ্রুপ র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি করে। এতে র্যাবের চার জন সদস্য আহত হন। র্যাবও আত্মরক্ষার্থে পালটা গুলি করে।