মাদারীপুরের কাঁঠালবাড়ী ১ নম্বর ফেরিঘাটে একজন যুগ্মসচিবের গাড়ির অপেক্ষায় ফেরি ছাড়তে তিন ঘণ্টা দেরি হওয়ায় অ্যাম্বুলেন্সে থাকা এক স্কুলছাত্রের মৃত্যুর অভিযোগ খতিয়ে দেখতে নৌপরিবহন মন্ত্রণালয় ও মাদারীপুর জেলা প্রশাসন দুটি পৃথক তদন্ত কমিটি করেছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব শাহনওয়াজ দিলরুবা খানের নেতৃত্বে গঠিত এই কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন মন্ত্রণালয়ের উপসচিব শাহ হাবিবুর রহমান হাকিম। তদন্ত কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে সোমবার নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব আব্দুস সামাদ জানান। এছাড়া মাদারীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকেও এ ঘটনায় একটি তদন্ত কমিটি করা হয়েছে। অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট শহীদুল হক পাটোয়ারীকে আহ্বায়ক করে গঠিত চার সদস্যের ওই কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
গত বৃহস্পতিবার রাতে তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্মসচিব এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্প কর্মকর্তা আব্দুস সবুর মণ্ডলের গাড়ির অপেক্ষায় প্রায় তিন ঘণ্টা ফেরি বসে থাকায় ঘাটে আটকে পড়া অ্যাম্বুলেন্সে স্কুলছাত্র তিতাস ঘোষের মৃত্যু হয়েছে বলে অভিযোগ ওঠে। ঘটনার চার দিন পরে বিষয়টি জানাজানি হলে বিভিন্ন গণমাধ্যমে তিতাসের মৃত্যু নিয়ে সংবাদ প্রচারিত হয়, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছে।
এদিকে তিন ঘণ্টা ফেরি চলাচল বন্ধ রাখায় বিনা চিকিত্সায় মৃত্যুবরণ করা কালিয়ার স্কুলছাত্র তিতাসের বাড়িতে চলছে মাতাম। গত চার দিনেও থামেনি তার স্বজনদের আহাজারি। মা সোনামণির আহাজারিতে উপজেলার বড়কালিয়া গ্রামের বাতাস ভারী হয়ে উঠেছে। ফেরি আটকে তার ছেলের চিকিত্সায় বাধা সৃষ্টিকারীদের বিচার দাবি করেন তিনি। তিতাস ঐ গ্রামের মৃত তাপস ঘোষের ছেলে এবং কালিয়া সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।
অপর দিকে ক্ষমতার দাপটে ফেরি আটকে বিনা চিকিত্সায় স্কুলছাত্রের মৃত্যুর ঘটনায় ফুঁসে উঠেছে তিতাসের বিদ্যালয়সহ এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। দায়ী ব্যক্তিদের বিচারের দাবিতে গতকাল সোমবার সকালে কালিয়া সদরে মানববন্ধন করে তার সহপাঠীসহ কয়েকটি বিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকরা। গতকাল বেলা ১১টার দিকে কালিয়া সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সামনের সড়কে প্রায় অর্ধকিলোমিটার জুড়ে দায়ী ব্যক্তিদের শাস্তির দাবিতে মানববন্ধন করে তারা। মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কালিয়া সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি এম শুকুর আলী, সহকারী শিক্ষক দেব কুমার ঘোষ, তরুণ কান্তি মল্লিক, সাজ্জাদ হোসেন, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক জামান হোসেন জন, সাবেক ছাত্রলীগ নেতা ইয়াছমিন জনি প্রমুখ।
এ বিষয়ে জানতে চাইলে মাদারীপুরের জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘সরকারের এটুআই প্রকল্পের যুগ্মসচিব আবদুস সবুর মণ্ডল পিরোজপুর থেকে ঢাকায় যাচ্ছিলেন। তিনি কাঁঠালবাড়ী ঘাটে যাওয়ার আগে আমার কাছে ফেরিতে যাওয়ার বিষয়টি জানান। পরে আমি ঘাটের ব্যবস্থাপক সালামকে জানাই, কিন্তু ঐ ঘাটে অ্যাম্বুলেন্সে একজন গুরুতর রোগী আছে, তা আমি জানতাম না। ঘাটের ম্যানেজার এ বিষয় আমাকে কিছু জানাননি। পরে বিষয়টি জানতে পারি। সরকারি কর্মকর্তা বা ভিআইপিদের জন্য ফেরি বিলম্বিত করার কোনো নিয়ম আছে কি না, জানতে চাইলে জেলা প্রশাসক বলেন, তিনি (আবদুস সবুর মণ্ডল) চাঁদপুরের সাবেক জেলা প্রশাসক। এ ছাড়া তিনি যুগ্মসচিব। তাই তাকে ভিআইপি বলা যায়। এ ধরনের কর্মকর্তারা এই নৌপথে এলে তাদের বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়।