চাষাঢ়ায় রেলওয়ের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

শহরের রেলওয়ের জমি দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। সোমবার সকাল থেকে ঐ উচ্ছেদে ভাঙা পড়েছে আলোচিত আল জয়নাল ট্রেড সেন্টারের প্রায় ১০ ফুট জায়গা। গুঁড়িয়ে দেওয়া হয়েছে চাষাঢ়া রেললাইন সংলগ্ন বাগানবাড়ি রেস্টুরেন্ট ও একটি মাদ্রাসা। এছাড়া রেললাইনের দুই পাশের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলমের নেতৃত্বে উচ্ছেদ অভিযানে রেলওয়ের ঢাকা বিভাগীয় ভূমি বিষয়ক কর্মকর্তা নজরুল ইসলামসহ রেলওয়ে পুলিশ উপস্থিত ছিলেন।  অভিযানের শুরুতে চাষাঢ়া রেল স্টেশনের দুই পাশের শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়। পরে ধীরে ধীরে উচ্ছেদ চলে কেন্দ্রীয় রেলওয়ে স্টেশন অভিমুখে। চাষাঢ়া রেললাইন সংলগ্ন জাতীয় পার্টি নেতা আল জয়নালের মালিকানাধীন আল জয়নাল ট্রেড সেন্টারের পশ্চিম দিকের ১০ ফুট জায়গা ভেকু দিয়ে ভেঙে দেওয়া হয়। রেলওয়ে বলছে ঐ ১০ ফুট জায়গা রেলওয়ের নিজস্ব সম্পত্তি। এছাড়া রেললাইনের পশ্চিম দিকে অবস্থিত বাগানবাড়ি রেস্টুরেন্ট গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পাশের বেইলি টাওয়ার ভাঙতে গেলে এর মালিক কাশেম জামাল রাজউক ও রেলওয়ের বিরুদ্ধে মামলার নথি উপস্থাপন করলে তাদের এক দিনের সময় দেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম জানিয়েছেন, রেললাইনের দুই পাশে রেলওয়ের ভূমি অবৈধভাবে দখল করে রাখা সব স্থাপনা উচ্ছেদ করা হবে।