নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈদ্যের বাজার ইউনিয়নের আনন্দ বাজার এলাকায় প্রায় ১০ কোটি টাকা মূল্যের কারেন্ট জাল বিনষ্ট করেছে স্থানীয় উপজেলা প্রশাসন। সোমবার দুপুরে উপজেলার ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে এ কারেন্ট জাল জব্দ করে জালগুলো আগুন দিয়ে পুড়ে বিনষ্ট করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোনারগাঁ উপজেলা মত্স্য কর্মকর্তা, নারায়ণগঞ্জ কোস্টগার্ডের সহযোগিতায় সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হোসাইনের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
সোনারগাঁ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হোসাইন জানান, আনন্দ বাজার এলাকায় দোকানের মালিক না থাকায় দোকানের গোডাউনের তালা ভেঙে প্রায় ৪৪ লাখ ৮০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে দুপুরে জব্দকৃত সকল কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। তিনি জানান, বিনষ্ট কারেন্ট জালের মূল্য ৯ কোটি ৭০ লাখ টাকা। অভিযানকালে অন্যদের মধ্যে সোনারগা উপজেলা মত্স্য কর্মকর্তা মাহমুদা আকতারসহ উপজেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ কোস্টগার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।