রূপগঞ্জে ইসলামীয়া মিষ্টান্ন ভান্ডারসহ মোট সাতটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগমের নেতৃত্বে উপজেলার মুড়াপাড়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
ইউএনও মমতাজ বেগম জানান, উপজেলার মুড়াপাড়া বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি হচ্ছে বলে তাদের কাছে খরব ছিল। সোমবার সকালে উপজেলার মুড়াপাড়া বাজারে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ইসলামীয়া মিষ্টান্ন ভান্ডারকে ১ লাখ ও পূজা মিষ্টান্ন ভান্ডারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় দোকানের সামনে পণ্যের মূল্য ঝুলিয়ে না রাখায় বাসুর উদ্দিন স্টোর, আল-আমিন স্টোর, রফিক বোরহানী স্টোর, সালেক স্টোর, স্বপন স্টোরকে পৃথকভাবে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
রূপগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার বিশ্বরোড, বরাবো ও পূর্বগ্রাম এলাকা থেকে ওই মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো—চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার মৃত আফসার মোল্লার ছেলে কাজল মোল্লা, একই এলাকার মৃত আব্দুল হারেজের ছেলে আমির হোসেন ও তারাবো হাটিপাড়া এলাকার ফিরোজ মিয়ার ছেলে আতিকুর রহমান।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, কাজল মোল্লাকে ৫২ পিস, আমির হোসেনকে ২০ পিস ও আতিকুর রহমানকে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।