পঞ্চগড়ে বিদ্যালয়ে দেওয়াল ধসে দ্বিতীয় শ্রেণির ছাত্রী নিহত

পঞ্চগড় জেলা শহরের এক মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফুলবাগানের দেওয়াল ভেঙে পড়ে নীলা আকতার (৮) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। নীলার বাড়ি জেলার সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মিলগেট ইসলামপুর এলাকায়। সে ঐ এলাকার আনোয়ার হোসেন লিটনের মেয়ে এবং ঐ স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

জানা গেছে, নীলা কয়েক জন বান্ধবীসহ স্কুলের সামনের ফুলবাগানের দেওয়ালের কাছে দাঁড়িয়ে ছিল। আকস্মিক ঐ দেওয়ালটি তার ওপর ভেঙে পড়ে। ভয়ে অন্য শিক্ষার্থীরা সরে যেতে সক্ষম হলেও গুরুতর আহত হয় নীলা। তার চিত্কার শুনে অভিভাবকরা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। কিন্তু হাসপাতালের দায়িত্বরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।