৮ আগস্ট ‘ভারতরত্ন’ পাচ্ছেন প্রণব মুখার্জি

 ‘ভারতরত্ন’ পাচ্ছেন দেশটির সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। আগামী ৮ আগস্ট রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে তার হাতে এই সম্মাননা তুলে দেবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রাষ্ট্রপতি ভবনের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এ বছরের শুরুতে ভারতরত্ন সম্মাননাপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছিল। খবর জি নিউজের

প্রণব মুখার্জি ছাড়াও মরণোত্তর এই সম্মাননা প্রদান করা হবে সমাজকর্মী নানাজি দেশমুখ এবং গায়ক ভূপেন হাজারিকাকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতিমধ্যেই প্রণব মুখার্জিকে অভিনন্দন জানিয়েছেন দশকের পর দশক ধরে রাজনীতিতে তার অবদানের জন্য। দেশের সম্মান বৃদ্ধিতেও প্রণব মুখার্জির অবদান রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। তার সমপর্যায়ের মানুষ দেশে কমই আছেন বলে উল্লেখ করেছিলেন প্রধানমন্ত্রী। কেবল প্রধানমন্ত্রীই নন, কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধীও তাকে ধন্যবাদ জানিয়েছিলেন।