অ্যাডভোকেট সুপ্রিয় চক্রবর্তী আর নেই

অ্যাডভোকেট সুপ্রিয় চক্রবর্তী রঞ্জু আর নেই। ঢাকার বারডেম হাসপাতালে লাইফসাপোর্টে ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। গতকাল সোমবার সন্ধ্যায় চিকিত্সকরা তার মৃত্যু ঘোষণা করেন। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও মানবাধিকার কর্মী সুলতানা কামালের স্বামী সুপ্রিয় চক্রবর্তী।

সুলতানা কামাল গণমাধ্যমকে জানিয়েছেন, সুপ্রিয় চক্রবর্তী টাঙ্গাইলের কুমুদিনী হাসপাতালে দেহ দান করে গিয়েছিলেন। তার ইচ্ছা অনুযায়ী ঐ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে মরদেহ হস্তান্তর হবে।

সুপ্রিয় চক্রবর্তীর বাড়ি সিলেট শহরের লামাবাজারে।

সিলেটের সংস্কৃতি ও ক্রীড়াঙ্গনে দক্ষ সংগঠক হিসেবে সুপ্রিয়র পরিচিত ছিল। সিলেট সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি ছিলেন, রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, সিলেটের সহ-সভাপতি দায়িত্বেও ছিলেন তিনি। এছাড়া সিলেট ক্রিকেট ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ছিলেন তিনি। সুলতানা কামাল ও সুপ্রিয় চক্রবর্তী দম্পতির মেয়ে দিয়া চক্রবর্তী ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফে কাজ করেন।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন আইনজীবী সুপ্রিয়র মৃত্যুতে শোক জানিয়েছেন। শোক জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীও।