মশা মারার নতুন ওষুধ সংগ্রহের নির্দেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের

ঢাকার দুই সিটি করপোরেশনে ব্যবহূত মশার ওষুধের অকার্যকারিতা নিয়ে ব্যাপক সমালোচনার প্রেক্ষাপটে নতুন ওষুধ সংগ্রহের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। তিন দিনের মধ্যে তা সংগ্রহ করে রেজিস্ট্রেশন সম্পন্নের কথা বলা হয়েছে। এজন্য সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা  দেওয়া হয়েছে। এক্ষেত্রে বিদেশি পাঁচটি নামকরা কোম্পানি নতুন করে  রেজিস্ট্রেশনের আওতায় আসবে। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র এ তথ্য জানিয়েছে। রাজধানীসহ প্রায় সারাদেশে ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে। এরই মধ্যে  বেসরকারি হিসাবে ৪৪ জনের মৃত্যু হয়েছে। তবে মশা নিধনে দুই সিটির ব্যবহূত ওষুধ কার্যকর নয় এমন জোরাল অভিযোগ আছে। সিটি করপোরেশনও অবশ্য স্বীকার করেছে, তাদের ওষুধে মশা মরে না। এ পটভূমিতে রবিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি) মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় দুই সিটি করপোরেশনের প্রধান দুই স্বাস্থ্য ও ভান্ডার কর্মকর্তাসহ কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। সভায় নগরীতে ডেঙ্গুবাহিত অ্যাডিস মশা নিধনে তিন দিনের মধ্যে নতুন ওষুধ সংগ্রহ করে দ্রুত রেজিস্ট্রেশন দেওয়ার সিদ্ধান্ত হয়। তবে পুরোনো ওষুধের মধ্যে লার্ভিসাইডিং নিয়ে কোনো বিতর্ক না থাকায় সেটি আগের মতো ব্যবহার করার সিদ্ধান্ত হয়।