সরকার নার্ভাস হয়ে ডেঙ্গুকে গুজব বলছে ড. মোশাররফ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকার দেশ পরিচালনায় নার্ভাস হয়ে ডেঙ্গুকে বলছে গুজব। বাংলাদেশে এখন যত ঘটনা ঘটছে, সব ঘটনাই সরকারের ব্যর্থতার জন্য হচ্ছে। জনগণের সঙ্গে সরকারের কোনো সম্পৃক্ততা  নেই। আর ব্যর্থতা ঢাকার জন্য সব দোষ চাপাতে চায় বিএনপির ওপর। কয়েকদিন আগে ডেঙ্গুকে বলল গুজব, এখন বলে ভয়াবহ অবস্থা। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে জাসাস আয়োজিত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

খন্দকার মোশাররফ বলেন, অসত্য অভিযোগে কারাবন্দি দেশনেত্রী বেগম খালেদা জিয়া। খালেদা জিয়াকে যদি মুক্ত করতে হয় তাহলে আন্দোলনের কোনো বিকল্প  নেই। সরকার তাদের ব্যর্থতা আড়াল করার জন্য কথায় কথায় সব ঘটনাকে গুজব বলে উড়িয়ে দিচ্ছে। বর্তমানে দেশের সবচেয়ে বড়ো সমস্যা বন্যা এবং ডেঙ্গু জ্বরকে মোকাবিলায় সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। এই সরকারের স্বাস্থ্যমন্ত্রী এবং দুই মেয়রের ব্যর্থতার পরিচয় দিয়েছে। তাদের এই ব্যর্থতা এবং অবহেলার কারণেই ডেঙ্গু আজ মহামারি আকার ধারণ করেছে।

প্রিয়া সাহার বিরুদ্ধে সরকার ব্যবস্থা না নেওয়ায় সরকারের কঠোর সমালোচনা করে ড. মোশাররফ বলেন, এই যে প্রিয়া এত বড়ো মিথ্যাচার করল। এর জন্য অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সরকারের উচিত। আয়োজক সংগঠনের সহ-সভাপতি ও ঢাকা মহানগরের আহ্বায়ক মীর সানাউল হকের সভাপতিত্বে সমাবেশে জাসাসের সভাপতি ড. মামুন আহমেদ, বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকীস জাহান শিরীন, জাসাসের সহ-সভাপতি লিয়াকত হোসেন, সাংগঠনিক সম্পাদক সিবা শানু প্রমুখ বক্তব্য রাখেন।