আগের ম্যাচে দলের বাকি ব্যাটাররা ব্যর্থ হলেও ফিফটি করেছিলেন তানজিদ হাসান তামিম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে একাই লড়েছেন এই টাইগার ওপেনার। ১১ রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন তিনি। তানজিদ তামিমের ব্যাটে ভর করে ১৫১ রানের মাঝারি পুঁজি পেয়েছে বাংলাদেশ।
শুক্রবার (৩১ অক্টোবর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক লিটন দাস। ব্যাট করতে নেমে শুরুতেই জোড়া উইকেট হারায় বাংলাদেশ।
পারভেন হোসেন ইমন ১০ বলে ৯ ও লিটন ৯ বলে ৬ রান করে সাজঘরে ফিরে যান। এরপর ক্রিজে আসা সাইফ হাসানকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন তানজিদ তামিম। ৬৩ রানের জুটি গড়েন তারা।
তবে দলীয় ১০৭ রানে ২২ বলে ২৩ রান করে আউট হন সাইফ। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। তবে একপ্রান্ত আগলে রেখে ক্যারিয়ারের দশম ফিফটি তুলে নেন তানজিদ তামিম।
অন্য ব্যাটারদের আসা-যাওয়ার মাঝে একাই লড়াই চালিয়ে যান তানজিদ তামিম। আউট হওয়ার আগে ৬২ বলে ৮৯ রান করেন তিনি। শেষ পর্যন্ত ২০ ওভারে ১৫১ রানে অলআউট হয় বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে রোমারিও শেফার্ড হ্যাটট্রিকসহ নেন ৩টি উইকেট।