সুফি–সাধক, মাজার ও দরবারে হামলা, নারীর চলাফেরায় বাধা এবং ভিন্নমতের মানুষের ওপর আক্রমণ—এসব ঘটনায় ‘মব সন্ত্রাসীদের’ প্রতি সরকারের প্রশ্রয় রয়েছে বলে অভিযোগ করেছেন গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য অধ্যাপক আনু মুহাম্মদ। তিনি বলেন, সরকার কিছু ক্ষেত্রে এই সন্ত্রাসকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে। বর্তমান সরকারের ওপর তিনটি দলের প্রভাব স্পষ্ট—এর মধ্যে জামায়াতে ইসলামীর প্রভাব সবচেয়ে বেশি।
শুক্রবার (৩১ অক্টোবর) রাজধানীর বিএমএ ভবনে ‘প্রান্তিক জনগোষ্ঠীর রাজনৈতিক কনভেনশন’-এর সমাপনী অধিবেশনে এসব কথা বলেন তিনি।
অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ৫ আগস্টের গণ–অভ্যুত্থানে দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়েছে। এটি ছিল বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্নের সূচনা। কিন্তু এখন কিছু গোষ্ঠী সেই স্বপ্নকে বিকৃত করছে। তারা ধর্মীয় ও জাতিগত বিভাজন তৈরি করছে, সমাজে ভয় ও আতঙ্ক ছড়াচ্ছে।
তিনি আরও বলেন, যারা আক্রমণ চালাচ্ছে, তারা সবার ওপর নিজেদের ধর্মচর্চা ও চিন্তাধারা চাপিয়ে দিতে চায়। আওয়ামী লীগ আমলের ফ্যাসিবাদ আমরা দেখেছি, এখন তার আরও ভয়ংকর রূপ দেখা যাচ্ছে।
সরকারের নিষ্ক্রিয়তার সমালোচনা করে আনু মুহাম্মদ বলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব এসব হামলা প্রতিরোধ করা। কিন্তু তাদের কণ্ঠ দুর্বল, বরং অনেক ক্ষেত্রে তারা হামলাকারীদের প্রতি নরম অবস্থান নিয়েছে।
কনভেনশনে সিপিবির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন বলেন, দেশে এখন সুফি ও আধ্যাত্মিক ধারার মুসলমানরা প্রান্তিক হয়ে পড়েছে। ওহাবি ও মওদুদিবাদী চিন্তাধারার প্রভাব বাড়ছে। শাহপরান (রহ.)–এর মাজারে হামলা হয়েছে, নুরাল পাগলার লাশ পর্যন্ত কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়া হয়েছে—এ ঘটনা ভয়াবহ।
তিনি আরও বলেন, বাংলাদেশকে এক জাতির দেশ বলা বিভ্রান্তিকর। এখানে নানা জাতিসত্তা রয়েছে, যাদের অধিকার রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব।
সুফিবাদ গবেষণা ফাউন্ডেশনের চেয়ারম্যান সুফি মোবারক হোসেন মুরাদ বলেন, ৫ আগস্টের গণ–অভ্যুত্থানের পরদিন থেকেই মাজার ভাঙা ও দরবার লুটের ঘটনা শুরু হয়। অথচ সুফিরা কোনো লুটপাট বা দুর্নীতিতে জড়িত নয়। তাহলে তাদের ওপর হামলার কারণ কী?
কনভেনশনে আদিবাসী ও প্রান্তিক জনগোষ্ঠীর বিভিন্ন প্রতিনিধি—সবুজ তাঁতী, শ্রীকান্ত মাহাতো, প্রণব হাজং, মহাদেব মাহাতো, নীতি মুন্ডা ও দিপংকর ওঁরাও বক্তব্য দেন। দিনব্যাপী এই কনভেনশনে ৫৫টি জাতিগোষ্ঠীর প্রতিনিধি অংশ নেন। জাতীয় সংগীত ও গণসংগীতের মাধ্যমে সকালে এর উদ্বোধন হয়।