সোনারগাঁয়ে সড়কের বেহাল দশায় দুর্ভোগে পর্যটকরা

সোনারগাঁয়ের পর্যটন নগরী পানাম ও বাংলাদেশ লোক ও কারু শিল্প ফাউন্ডেশন সড়কের বিভিন্ন জায়গায় গর্তের সৃষ্টি হয়ে পানি আর কাদামাটি জমে বেহাল দশায় পরিণত হয়েছে। সড়কের এ বেহাল দশার কারণে সোনারগাঁয়ে বেড়াতে আসা হাজারো পর্যটক এবং স্থানীয় এলাকাবাসীকে চলাচলে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে।

জানা যায়, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে এ সড়কটি মেরামত করা হয়। কিন্তু কিছুদিনের মধ্যে এ রাস্তায় খানাখন্দের সৃষ্টি হয়। সামান্য বৃষ্টি হলেই হাঁটুসমান পানি জমে যান চলাচলে বিঘ্ন ঘটছে। এদিকে সড়কটি সওজের অধীনে না রাখার দাবিতে এলাকাবাসী আন্দোলন করে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্তৃপক্ষ বরাবর লিখিত আবেদন দিয়েছিলো। তারপরও কোন ফল পায়নি এলাকাবাসী।

পাঁচ মাস আগেও ওয়েস্টার্ন কন্সট্রাকশন এন্ড শিপবিল্ডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের ইট সুরকি দিয়ে কাজ সম্পন্ন করে বলে এলাকাবাসী অভিযোগ করে। সরেজমিনে দেখা যায়, বাংলাদেশ লোক ও কারু শিল্প ফাউন্ডেশনের প্রধান ফটক থেকে মাত্র ১শ গজ দূরে খানাখন্দের সৃষ্টি হয়ে বৃষ্টির পানি জমে আছে। এলাকাবাসীর অভিযোগ, ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি জমে এ সড়কের কয়েকটি স্থানে গর্তের সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ লোক ও কারু শিল্প ফাউন্ডেশনের উপ-পরিচালক রবিউল ইসলাম বলেন, ‘গত শুক্রবার বাংলাদেশে সফররত ওআইসির ৫০ সদস্যের একটি প্রতিনিধিদল বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন ও পানামনগরী পরিদর্শন করতে এসে এ রাস্তার কারণে দুর্ভোগে পড়েন। এ রাস্তাটির কারণে প্রতিদিন দেশি ও বিদেশি পর্যটকদের কাছে সোনারগাঁয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।’ 

আরও পড়ুন: বগুড়ায় বন্যায় ৩১৫ কোটি টাকার ফসলের ক্ষতি

নারায়ণগঞ্জ সড়ক বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মতিয়ার রহমান বলেন, ‘সড়কটিতে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি জমে খানাখন্দের সৃষ্টি হয়েছে। সড়কটি দ্রুত সংস্কার করতে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। আশা করি দ্রুত সড়কটি ড্রেনেজ ব্যবস্থাসহ সংস্কার করা হবে।’

ইত্তেফাক/নূহু