বগুড়ায় বন্যায় ৩১৫ কোটি টাকার ফসলের ক্ষতি

আপডেট : ৩০ জুলাই ২০১৯, ১৮:০০

সম্প্রতি বন্যায় বগুড়ার ৭ উপজেলায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। যমুনা, বাঙ্গালি, করতোয়া ও ইছামতি নদীতে সৃষ্ট বন্যায় ওই ৭ টি উপজেলার ১২ হাজার ৬০৩ হেক্টর জমির পাট, আউশ ধান, আমন বীজতলা, মরিচ, আখ ও সবজি ক্ষেত বন্যার পানিতে তলিয়ে গিয়ে বিনষ্ট হয়েছে। এতে ৩১৫ কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে।

ক্ষতিগ্রস্ত উপজেলাগুলো হচ্ছে সারিয়াকান্দি, সোনাতলা, ধুনট, গাবতলি, শাজাহানপুর, শেরপুর ও শিবগঞ্জ। বন্যায় ফসলের বেশি ক্ষতি হয়েছে সারিয়াকান্দি উপজেলায়। এই উপজেলায় ৭ হাজার ২২০ হেক্টর জমির ফসল তলিয়ে বিনষ্ট হয়েছে।

আরও পড়ুন: প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে: পলক

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার উপ-পরিচালক নিখিল চন্দ্র বিশ্বাস জানান, ক্ষতিগ্রস্ত কৃষকদের তাৎক্ষণিক সহায়তা দেওয়ার জন্য জরুরি ভিত্তিতে ১শ একর জমিতে আমন বীজতলা তৈরি করা হচ্ছে। এতে ২ হাজার হেক্টর জমিতে চারা রোপন সম্ভব হবে। পরবর্তীতে কৃষি পুনর্বাসনে বড় ধরণের কর্মসূচি হাতে নেওয়া হবে।

ইত্তেফাক/নূহু