টেকনাফে অস্ত্র, বুলেট ও ইয়াবাসহ রোহিঙ্গা ডাকাত আটক

কক্সবাজারের টেকনাফে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে শাল বাগান থেকে অস্ত্র, বুলেট ও ইয়াবাসহ এক রোহিঙ্গা ডাকাতকে আটক করেছে। আটক ব্যক্তির নাম জমির (৩০)। সে নয়াপাড়া ক্যাম্পের সি-ব্লকের শেড নং-৮২৫/৫ এর বাসিন্দা আব্দুল আমিনের পুত্র। এছাড়া সে বন্দুকযুদ্ধে নিহত ডাকাত নুরুল আলমের অন্যতম সহযোগী।

জানা যায়, মঙ্গলবার ভোরে র‌্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি চৌকস দল উপজেলার হ্নীলা নয়াপাড়া শালবাগান এলাকায় অভিযান চালিয়ে জমির ডাকাতকে ১টি ওয়ান শুটার গান, ৫ রাউন্ড কার্তুজ ও ৩ হাজার ৯শ পিস ইয়াবাসহ আটক করে। গ্রেফতারকৃত এবং পলাতক আসামিদের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র ও ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। 

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে মুক্তিযোদ্ধাসহ দুইজন নিহত

উল্লেখ্য, চলতি বছরের ২২ ফেব্রুয়ারি কুখ্যাত ডাকাত সর্দার নুরুল আলম নিহতের পর ডাকাত জমির, জকির, সলিম এবং কামাল ডাকাতসহ শক্তিশালী বেশ কয়েকটি স্বশস্ত্র গ্রুপ মাদক ও অস্ত্র বাণিজ্য, অপহরণ এবং মুক্তিপণসহ নানা অপতৎপরতা চালিয়ে আসছে। যার কারণে সাধারণ রোহিঙ্গা এবং গ্রামীণ জনপদেও মানুষ চরম নিরাপত্তাহীনতা ও আতংকে দিন যাপন করে আসছে। র‌্যাবের এই অভিযানকে ভূক্তভোগীরা সাধুবাদ জানিয়েছে।

ইত্তেফাক/নূহু