আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৭ আসনে (রাঙ্গুনিয়া উপজেলা) বিএনপির প্রাথমিক মনোনয়ন পেয়েছেন দলটির নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে তিনি বিএনপির ২৩৭টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেন।
প্রার্থী ঘোষণার সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাংগঠনিক সম্পাদক এবং সহ-সাংগঠনিক সম্পাদকরা উপস্থিত ছিলেন।
এর আগে সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম, স্থায়ী কমিটির সদস্যরা এক জরুরি বৈঠকে বসেন। বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করা এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী এই বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।