স্পোর্টস রিপোর্টার
৭৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশ; কিন্তু এই লিডকে কাজে লাগিয়ে বড়ো কিছু করতে পারেনি তারা। বরং দ্বিতীয় ইনিংসে ছত্তিশগড় রাজ্য ক্রিকেট সংঘের বিপক্ষে ১৫০ রানে অল-আউট হয়ে গেছে তারা। আজ ২২৮ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করবে ছত্তিশগড়।
কর্ণাটকে চলমান ‘মিনি রঞ্জি’ ডাক নামের ড. কে থিম্মাপিয়া স্মৃতি টুর্নামেন্টের সেমিফাইনালে ছত্তিশগড়ের বিপক্ষে লড়ছে বিসিবি একাদশ। প্রথম ইনিংসে মুমিনুল হকের নেতৃত্বে এই দল অল-আউট হওয়ার আগে ৩৩৪ রান করেছিল। জবাবে ছত্তিশগড় ২৫৭ রানে অল-আউট হয়। আর এর জবাবেই দ্বিতীয় ইনিংসে ধসে পড়ে বিসিবি একাদশের ব্যাটিং।
স্কোর বোর্ডে কোনো রান ওঠার আগেই ওপেনার সাইফ হাসানের উইকেট হারায় বিসিবি একাদশ। প্রাথমিক এই বিপর্যয়টা এড়াতে পারেনি সফরকারীরা। ৪৮ রানে হারিয়ে ফেলে তারা ৫ উইকেট। এরপর আরিফুল হক ও নূরুল হাসান সোহান একটা জুটি করেছিলেন। আরিফুল ৬৩ রান করে এবং সোহান ৩০ রান করে ফিরে আসেন। আর এখান থেকে মুহূর্তের মধ্যে ধসে পড়ে বিসিবি একাদশের ইনিংস। ৪৬ রানে শেষ ৫ উইকেট হারায় তারা।
ছত্তিশগড়ের সুভম আগারওয়াল ৪টি, পুনিত দে ৩টি এবং বিরপ্রতাপ সিং ২টি উইকেট নেন।