ট্রাম্পের ভেটো অগ্রাহ্য করতে ব্যর্থ হলো মার্কিন সিনেট
এএফপি ও বিবিসি
সৌদি আরবের সঙ্গে ৮১০ কোটি ডলার মূল্যের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা বিতর্কিত অস্ত্র বিক্রির চুক্তিটি প্রতিরোধ করতে ব্যর্থ হয়েছে দেশটির সিনেট। এর ফলে সৌদির কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির চুক্তিটি বহাল থাকল। চুক্তিটি ঠেকাতে কংগ্রেসের প্রস্তাবের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেটো দেওয়ার পর সিনেট সোমবার এ ক্ষেত্রে ভেটো অগ্রাহ্য করতে ব্যর্থ হয়েছে।
চলতি মাসেই কংগ্রেসে অস্ত্র বিক্রির বাতিলের প্রস্তাব পাস করা হয়। সেখানে প্রস্তাব পাস ছিল ট্রাম্পের জন্য একটি বড় আঘাত। কংগ্রেসে আইনপ্রণেতারা গত বছর সৌদি সাংবাদিক জামাল খাশোগিকে হত্যায় রিয়াদের ভূমিকা প্রশ্নে সৌদি আরবের কঠোর সমালোচনা করেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকে এ নিয়ে তৃতীয়বারের মতো ডোনাল্ড ট্রাম্প তার ভেটো ক্ষমতা প্রয়োগ করলেন।
মধ্যপ্রাচ্যে ক্রমাগতভাবে উত্তেজনা বৃদ্ধি পেতে থাকায় ট্রাম্প সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশের কাছে ২২ ধরনের অস্ত্র বিক্রির অনুমোদন দিতে চান। তবে সমালোচকরা বলছেন, এসব অস্ত্র বিক্রি ইয়েমেনে ভয়াবহ যুদ্ধ-পরিস্থিতির আরো অবনতি ঘটাবে। সেখানে সৌদি আরবের নেতৃত্বে মার্কিনসমর্থিত সামরিক জোট ইরানের মদদপুষ্ট হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করছে। দেশটিতে ব্যাপক যুদ্ধের কারণে সেখানে বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকট দেখা দিয়েছে বলে জাতিসংঘ জানিয়েছে।
উল্লেখ্য, ট্রাম্প প্রশাসন আইনপ্রণেতাদের এড়িয়ে অস্ত্র বিক্রির অনুমোদন দিতে গত মে মাসে একটি বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছিল। ট্রাম্প বলেছিলেন, ইরান মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতার ক্ষেত্রে ‘প্রধান হুমকি।’