বিবিসি
আফ্রিকার দেশ ইথিওপিয়াতে এক দিনে রোপণ করা হয়েছে ৩৫০ মিলিয়ন বা ৩৫ কোটি গাছ। এ প্রকল্পের সঙ্গে যুক্ত কর্মকর্তারা মনে করছেন, এটি একটি বিশ্ব রেকর্ড। খরাপ্রবণ এ দেশটিতে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা করা এবং দেশটিকে বন উজাড় হয়ে যাবার অবস্থা থেকে বাঁচাতে এ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ স্বয়ং এ প্রকল্পটির নেতৃত্ব দিচ্ছেন। সরকারি কর্মকর্তারাও যাতে বৃক্ষরোপণ কাজে অংশ নেওয়ার সুযোগ পায়, সেই কারণে কিছু সরকারি অফিসও সেদিন বন্ধ রাখা হয়।
জাতিসংঘের হিসাব অনুযায়ী, বিশ শতকের শুরুর দিকে ইথিওপিয়ার বনভূমির পরিমাণ ছিল প্রায় ৩৫ শতাংশ। কিন্তু ২০০০ সালের শুরুর দিকে তা নেমে আসে প্রায় চার শতাংশের কাছাকাছি। আহমেদ তার ‘গ্রিন লিগেসি ইনিশিয়েটিভ’-এর অংশ হিসেবে এ বৃক্ষরোপণের উদ্যোগ গ্রহণ করেন। সারা দেশের প্রায় ১ হাজার স্থানে এবার বৃক্ষরোপণ কার্যক্রম চলছে। ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা থেকে বিবিসির এক সাংবাদিক জানিয়েছেন, স্বেচ্ছাশ্রমের মাধ্যমে রোপণ হওয়া এ বিপুল পরিমাণ বৃক্ষের প্রাথমিক বীজ বপনের কাজটি করা হয়। ইথিওপিয়ার উদ্ভাবন ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রী এক টুইটের মাধ্যমে জানিয়েছেন যে, ১২ ঘণ্টায় দেশটিতে মোট ৩৫ কোটি গাছ রোপণ করা হয়েছে। এখানেই শেষ নয়। ইথিওপিয়া স্থানীয় জাতের মোট ৪০০ কোটি গাছ লাগানোর পরিকল্পনা করেছে। এক দিনে রেকর্ডসংখ্যক গাছ রোপণ করার আগের রেকর্ডটি ছিল ভারতের দখলে। ২০১৬ সালে দেশটিতে এক দিনে ৫ কোটি গাছ রোপণ করা হয়েছিল।