ইয়েমেনে বিমান হামলায় শিশুসহ ১০ জন নিহত

রয়টার্স, আল জাজিরা

ইয়েমেনের উত্তরাঞ্চলীয় সাদা প্রদেশে একটি বাজারে সৌদি নেতৃত্বাধীন বিমান হামলায় শিশুসহ অন্তত ১০ বেসামরিক লোক নিহত হয়েছে। সোমবারের এ হামলার জন্য ইয়েমেনের যুদ্ধরত পক্ষগুলো একে অপরকে দায়ী করেছে।

স্থানীয় আল জোমহুরি হাসপাতালের ম্যানেজার জানিয়েছেন, কাতাবির জেলার ঐ বাজারে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট বাহিনীর হামলায় ১৩ জন নিহত ও ২৩ জন আহত হয়েছেন। পরে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে বলে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের পরিচালিত আল মাসিরাহ টেলিভিশন জানিয়েছে। অপরদিকে সৌদি সমর্থিত ইয়েমেন সরকারের তথ্যমন্ত্রী মোয়াম্মার এল ইরাইয়ানি এক টুইটার পোস্টে জানিয়েছেন, ঐ বাজারে কাতিউশা রকেট নিক্ষেপ করেছে হুতিরা আর তাতে ১০ বেসামরিক নিহত ও ২০ জন আহত হয়েছেন। এক বিবৃতিতে সৌদি জোটের মুখপাত্র কর্নেল তুর্কি আল মালকি বলেছেন, “আল থাবেত বাজারে হামলাটি হুতিরা চালিয়েছে। ইয়েমেনি ও আল থাবেত নৃগোষ্ঠীর বিরুদ্ধে চালানো সন্ত্রাসী হামলা এটি।” আল থাবেত নৃগোষ্ঠী হুতিদের বিরোধী বলে দাবি করেছেন তিনি; তবে বিস্তারিত আর কিছু জানাননি।

২০১৪ সালে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে উচ্ছেদ করে রাজধানী সানাসহ ইয়েমেনের অধিকাংশ এলাকায় নিয়ন্ত্রণ নেয় ইরানপন্থি শিয়া হুতিরা। তারপর ঐ সরকারকে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার কথা বলে ২০১৫ সালে ইয়েমেনের গৃহযুদ্ধে হস্তক্ষেপ করে পশ্চিমা সমর্থিত সৌদি নেতৃত্বাধীন সুন্নি সামরিক জোট বাহিনী। গত চার বছর ধরে চলা এ যুদ্ধে লাখ খানেক লোক নিহত হয়েছে ও আরব উপদ্বীপের দেশ ইয়েমেনকে দুর্ভিক্ষের প্রান্তে ঠেলে দিয়েছে।