চট্টগ্রাম মহানগরী বায়েজিদ থানার চালিতাতলী এলাকায় প্রকাশ্যে গুলি করে সরোয়ার হোসেন বাবলাকে হত্যাসহ একাধিক ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার (৭ নভেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব- ৭ এর সহকারী পরিচালক ( মিডিয়া) এ.আর. এম মোজাফ্ফর হোসেন। এর আগে বৃহস্পতিবার থেকে শুক্রবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
তদন্তের স্বার্থে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করা হয়নি। তবে এর মধ্যে মূল সন্দেহভাজন ইশতিয়াক চৌধুরী ওরফে অভিও রয়েছেন।
সাম্প্রতিক সময়ে রাউজান উপজেলায় সন্ত্রাস সৃষ্টি এবং একাধিক গুলি চালানোর ঘটনায় তাদের জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে র্যাব-৭ কর্মকর্তারা জানিয়েছেন।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মোজাফ্ফর হোসেন গণমাধ্যমকে বলেন, সাম্প্রতিক সহিংসতার সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আমাদের দল চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে রাতে ছয়জন সন্দেহভাজনকে গ্রেপ্তারে সফল হয়েছে। তারা সরোয়ার হোসেন বাবলা হত্যা, এরশাদ উল্লাহর ওপর হামলা, মোহাম্মদ ইদ্রিসের গুলিবিদ্ধ হওয়া এবং রাউজানে চলমান সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।
তিনি আরও বলেন, গ্রেপ্তারদের তাৎক্ষণিকভাবে র্যাব হেফাজতে নেওয়া হয়েছে এবং বর্তমানে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে।