বেরোবির ৪ কর্মকর্তাকে দুদকের তলব

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ‘ড. ওয়াজেদ ইন্টারন্যাশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটে’ কোনো কাজ না করেই প্রতি মাসে বেতন-ভাতা তুলে রাষ্ট্রের অর্থ আত্মসাতের অভিযোগে চার কর্মকর্তাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

শুক্রবার (৭ নভেম্বর) চিঠি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার. হারুন অর রশিদ।

অভিযুক্ত চার কর্মকর্তা হলেন- বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সায়েন্টিফিক কর্মকর্তা প্রসন্নজিৎ সরকার, সায়েন্টিফিক কর্মকর্তা রুমানা ফেরদৌস জলীল, রিসার্চ কর্মকর্তা আবু সাঈদ মো. আহসান সিদ্দিকী, রিসার্চ কর্মকর্তা মেহজাবিন এলাহী।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় উপাচার্য আব্দুল জলিল মিয়ার মেয়াদে ২০০৯ সালের ৩ ডিসেম্বর ‘ড. ওয়াজেদ ইন্টারন্যাশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট’ প্রতিষ্ঠিত হয়। এই ইনস্টিটিউট থেকে এমফিল, পিএইচডি ডিগ্রি দিতে নীতিগত সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। গবেষণার জন্য অনুমোদন না থাকলেও তৎকালীন উপাচার্য তার মেয়ে রুমানা ফেরদৌসী জলীলকে নিয়োগ দেওয়ার জন্য এই ইনস্টিটিউটে গবেষক ভর্তির সিদ্ধান্ত নিয়ে ২০১২ সালের ৭ মার্চ পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে এমফিল, পিএইচডিতে ভর্তি করানো হয়। ২০২২ সাল পর্যন্ত ২০৫ জন গবেষক ভর্তি হন। কিন্তু ইনস্টিটিউটে ভর্তির বৈধতা নিয়ে প্রশ্ন উঠলে কার্যক্রম স্থবির হয়ে যায়। তখন থেকেই কর্মকর্তা ও কর্মচারী অলস সময় কাটিয়ে বেতন পাচ্ছেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার. হারুন অর রশিদ জানান, গত ৩০ অক্টোবর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর পত্র দিয়ে আগামী ১৫ নভেম্বরে প্রয়োজনীয় কাগজ পত্রসহ ওই চার কর্মকর্তাকে তলব করেছে দুদক। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে।