মুজিবের আদর্শে বিশ্বাসীরাই দেশে মানবতার সেবায় নিয়োজিত

সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক

বরিশাল অফিস

বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেছেন, যারা মুজিবের আদর্শে বিশ্বাসী তারাই এ দেশে মানবতার সেবায় নিয়োজিত থাকেন। তাইতো স্বাধীনতার স্বপক্ষের তরুণ সমাজ আত্মমানবতার সেবায় স্বেচ্ছায় শ্রম দিয়ে যাচ্ছেন।

সোমবার শের-ই-বাংলা মেডিক্যাল কলেজে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান বঙ্গবন্ধু ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তব্যে তিনি এ কথা বলেন। 

শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. ইয়ামিন চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের ভিসি (চ.দ.) ড. একে এম মাহাবুব হাসান, শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সৈয়দ মাকসুমুল হক, সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. ভাস্কর সাহা আউটডোর ডক্তরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. সৌরভ সুতার, ডা. ফয়সাল হাসবুন প্রমুখ। এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে ক্লাবের উদ্বোধন করেন তিনি। তিনি এই প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা ও প্রধান পৃষ্ঠপোষক। প্রাথমিকভাবে ক্লাব পরিচালনার জন্য একজন আহ্বায়ক, চারজন যুগ্ম আহ্বায়ক, চারজন প্রোগ্রাম সমন্বয়ক, দুজন কোষাধ্যক্ষ মনোনীত করা হয়েছে।