জনদুর্ভোগ চরমে
ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা
ঝিনাইগাতীতে বিধ্বস্ত বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সংস্কারের অভাবে পাঁচ গ্রামের মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
পাগলারমুখ থেকে মালিঝি নদীর পার ঘেঁষে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ওপর দিয়ে পাগলারমুখ, কামারপাড়া, হাতিবান্ধা, প্রধানপাড়া, সুড়িহারা, মূল্লাপাড়াসহ কয়েকটি গ্রামের শত শত মানুষ এ পথে যাতায়াত করে থাকে। কিন্তু সম্প্রতি অতিবর্ষণ ও পাহাড়ি ঢলের পানির তোড়ে মালিঝি নদীর পাগলারমুখ ও কামারপাড়াসহ তিনটি স্থানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও রাস্তা বিধ্বস্ত হয়। এতে হাতিবান্ধা ইউনিয়নের ঐ কয়েকটি গ্রামের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে।
হাতিবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন দোলা জানান, বাঁধটি নির্মাণের অভাবে শত শত মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
কামারপাড়া গ্রামের ছানা মিয়া, শামসুল হক ও জাহাঙ্গীর আলমসহ অন্যরা জানান, বিধ্বস্ত রাস্তা সংস্কারের অভাবে স্কুল-কলেজের শিক্ষার্থীদের পারাপারে চরম ভোগান্তি হচ্ছে। কৃষিপণ্য ও গবাদিপশু নিয়ে কৃষকদের দুর্ভোগের যেন শেষ নেই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ বলেন, বিধ্বস্ত রাস্তার সংস্কার বিষয়ে সমন্বয় কমিটির সভায় আলোচনা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।