উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা
উল্লাপাড়া পৌর শহরের নির্মাণাধীন একটি মার্কেটের নিচে সেপটিক ট্যাংকের সাটার খোলার সময় মঙ্গলবার সকালে দুই জন নির্মাণ শ্রমিক নিহত হন। এ সময় আহত হন অপর একজন শ্রমিক।
নিহতরা হলেন, উল্লাপাড়া উপজেলার শ্যামপুর গ্রামের রেজাউল করিম এবং শাহজাদপুর উপজেলার শিমুলতলী গ্রামের আলামিন। অসুস্থ হোসেন আলী উল্লাপাড়ার বালসাবাড়ি গ্রামের বাসিন্দা। তাকে উল্লাপাড়া কাওয়াক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা জানান, উল্লাপাড়া পাট ব্যবসায়ী রাম সাহা ও রবির সাহার নির্মাণাধীন মার্কেটের নির্মাণ শ্রমিক রেজাউল ও আলামিন গভীর সেপটিক ট্যাংকের ভেতরে নেমে সাটার খোলার সময় অসুস্থ হয়ে চিত্কার শুরু করেন। পরে সহকর্মী হোসেন আলী ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঐ ট্যাংকিতে নেমে তাদের উদ্ধার করেন। ইতিমধ্যে রেজাউল ও আলামিন মারা যান। গুরুতর অসুস্থ অবস্থায় হোসেন আলীকে হাসপাতালে পাঠানো হয়।
পরিদর্শক গোলাম মোস্তফা আরো জানান, ঐ সেপটিক ট্যাংকের নিচে কার্বন মনোক্সাইড গ্যাসের কারণে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ ।