চট্টগ্রাম সিটি করপোরেশনের আড়াই হাজার কোটি টাকার বাজেট

মেট্রোরেলসহ বিভিন্ন ভবিষ্যত্ পরিকল্পনা

চট্টগ্রাম অফিস

২০১৯-২০ অর্থবছরের জন্য ২ হাজার ৪৮৫ কোটি ৯১ লাখ ৭৮ হাজার টাকার বাজেট ঘোষণা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। গতকাল মঙ্গলবার দুপুরে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে বাজেট উপস্থাপন করেন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিন। এর আগে ২০১৮-১৯ সালের সংশোধিত বাজেট ২ হাজার ৪৫ কোটি ৫১ লাখ ৯৮ হাজার টাকা উপস্থাপন করা হয়, যা প্রস্তাবিত ছিল ২ হাজার ৪২৫ কোটি ৪২ লাখ ৮২ হাজার টাকা।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে লিখিত বক্তব্যে মেয়র বলেন, বিভিন্ন এলাকায় অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ৪৯ কিলোমিটার সড়ক, ৩ দশমিক ৫ কিলোমিটার ড্রেন, ২টি কালভার্ট, স্কেলেটরসহ একটি ফুটওভারব্রিজ নির্মাণ ও সাড়ে ৩০ কিলোমিটার দীর্ঘ একটি গার্ডার ব্রিজ তৈরি করা হয়েছে। একনেকে ১ হাজার ২২৯ কোটি ৯৭ লাখ টাকায় সড়ক নেটওয়ার্ক উন্নয়ন ও বাস-ট্রাক টার্মিনাল নির্মাণ প্রকল্পের ভূমি অধিগ্রহণের জন্য ১৩০ কোটি টাকা জেলা প্রশাসককে দেওয়া হয়েছে। একনেক কর্তৃক ২৩১ কোটি টাকা ব্যয়ে পরিচ্ছন্নকর্মী নিবাস নির্মাণের জন্য ১৪ তলা ৭টি ভবনের পরামর্শক নিয়োগ সম্পন্ন করা হয়েছে।

মেয়র জানান, জাইকার সিজিপি প্রকল্পের আওতায় ব্যাচ-১ এ ২০ কোটি টাকায় সড়ক, সেতু, রিটেইনিং ওয়াল নির্মিত হয়েছে। ব্যাচ-২ এ ৩৪২ কোটি টাকায় সড়ক, নর্দমা, ব্রিজ, সেতু, রিটেইনিং ওয়াল, স্কুল ভবন তৈরির কাজ চলমান আছে। সংশোধিত প্রকল্পের অধীন ৩৭৫ কোটি টাকায় আরো ২২টি সড়কের বাতি লাগানোসহ উন্নয়ন কাজ ২০২০ সালের জানুয়ারিতে শেষ হবে।

মেয়র বলেন, চসিকে চাকরি বিধিমালা না থাকা বড়ো বাধা ছিল। চাকরি বিধিমালা-২০১৯ অনুমোদন চসিকের উল্লেখযোগ্য অর্জন। বাজেট ঘোষণা অনুষ্ঠানে আধুনিক নগর ভবন নির্মাণ, স্মার্ট সিটি প্রকল্প, এয়ারপোর্ট রোড সম্প্রসারণ, কর্মকর্তা-কর্মচারীদের জন্য আবাসিক ভবন নির্মাণ, মেট্রোরেল প্রকল্প গ্রহণ, বাস টার্মিনাল নির্মাণসহ বেশকিছু ভবিষ্যত্ পরিকল্পনার কথা তুলে ধরেন।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে অন্যদের মধ্যে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, প্যানেল মেয়র হাসান মাহমুদ হাসনিসহ অন্যান্য কাউন্সিলর ও সুধীজনরা উপস্থিত ছিলেন।