চট্টগ্রামে ডোমখালী খালে অবৈধ স্থাপনা উচ্ছেদে সেনাবাহিনী

চট্টগ্রাম অফিস

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও ডোমখালী খালের ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে খালের পাঠানিয়া গোদা এলাকায় সেনাবাহিনীর সহায়তায় উচ্ছেদ অভিযান শুরু করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।

জলাবদ্ধতা নিরসনে ‘মেগা প্রকল্প’ বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুল আলম চৌধুরী এ অভিযান পরিচালনা করছেন।

সিডিএ সূত্র জানায়, ডোমখালী খালটির দৈর্ঘ্য ৫ দশমিক ২৪ কিলোমিটার। বিএস খতিয়ান অনুযায়ী খালের ৭ দশমিক ৮৩৫ একর জায়গা বেদখল। খালটির ওপর অবৈধ স্থাপনা ১১৫টি। এর আগে রাজখালী খাল-২, নোয়াখাল ও চাক্তাই খালে উচ্ছেদ করা হয়।

সিডিএর নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক আহমেদ মাঈনুদ্দিন জানান, ডোমখালী খালে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। পর্যায়ক্রমে নগরের ১৩টি খালের ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। ইতিমধ্যে ৩টি খালে উচ্ছেদ করা হয়েছে।