অনিয়মের বেড়াজালে কুমিরা-গুপ্তছড়া ঘাট

সন্দ্বীপ থেকে চট্টগ্রাম যাওয়ার একমাত্র মাধ্যম হলো নৌপথ। এখানে নেই মানসম্মত যাত্রীছাউনি, নেই স্বাস্থ্যসম্মত পাবলিক টয়লেট, নেই পর্যাপ্ত লাইফ জ্যাকেট। অসুস্থ যাত্রীদের জন্য সি-অ্যাম্বুলেন্স থাকলেও একদিনের জন্যও সেটি ব্যবহার হয়নি, ফলে দুর্ভোগ পোহাতে হয় রোগীদের। এছাড়াও ঘাট কর্মচারীদের হাতে যাত্রী হয়রানি তো আছেই। চলছে অবৈধ লাল বোট, আর সেখানেও চাঁদাবাজি। যাত্রী ওঠানামার নেই সুব্যবস্থা; যাত্রীদের কোমর পরিমাণ পানিতে নামিয়ে দেওয়া হয়। রাত্রিবেলার জন্য নেই পর্যাপ্ত আলোর ব্যবস্থা। দুই পাড়ে সেতুর ওপর যাত্রী আনা-নেওয়ার ভ্যানে চার-পাঁচ মিনিটের পথ যেতে লাগছে জনপ্রতি ২০ টাকা। স্পিডবোটে যাত্রীর সঙ্গে থাকা মালপত্রের অতিরিক্ত ভাড়া আদায় হচ্ছে এখানে। এ অনিয়মের কারণে প্রায়শই ঘটছে নৌ দুর্ঘটনা, প্রাণ হারাচ্ছে সন্দ্বীপবাসী। কিন্তু দেখার কেউ নেই। ঘাট কর্তৃপক্ষের নজরে এসব বিষয় বারবার আনা হলেও আজ পর্যন্ত কোনো কিছুরই সমাধান হয়নি।

জিসান মাহমুদ, চট্টগ্রাম