বনানীতে আবাসিক এলাকায় রাজউকের উচ্ছেদ অভিযান, ২৪ দোকান সিলগালা

রাজধানীর বনানী আবাসিক এলাকায় আবাসিক প্লটে অবৈধভাবে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

সোমবার (১১ নভেম্বর ২০২৫) রাজউকের জোন-৪/২ আওতাধীন এলাকায় এ মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান পরিচালনা করেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন সরকার।

অভিযানকালে আবাসিক প্লটে অবৈধভাবে বাণিজ্যিক কার্যক্রম চালানোর অভিযোগে ২৪টি দোকান সিলগালা করে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এছাড়া একটি আবাসিক হোটেল ও একটি হাসপাতালের মালিকপক্ষকে এক মাসের মধ্যে বাণিজ্যিক ব্যবহার বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। এ সংক্রান্ত অঙ্গীকারনামা ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে গ্রহণ করা হয়।

এছাড়া একটি রেস্টুরেন্টের বেজমেন্টে নির্ধারিত গাড়ি পার্কিং স্থানে মালামাল রাখার অভিযোগে তাৎক্ষণিকভাবে স্থান খালি করিয়ে পার্কিং ব্যবস্থা নিশ্চিত করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন সরকার বলেন, “রাজধানীর আবাসিক এলাকার সুষ্ঠু পরিবেশ রক্ষা ও নগর উন্নয়ন আইন বাস্তবায়নের লক্ষ্যে এ ধরনের মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে।”

অভিযানে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন সরকার, অথরাইজড অফিসার-৪/২, সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শকবৃন্দ এবং বনানী সোসাইটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।