স্পোর্টস রিপোর্টার
আবুধাবিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্টে সুবিধাজনক অবস্থানে আছে পাকিস্তান। আজহার আলী ও আসাদ শফিকের জোড়া সেঞ্চুরির পর শেষ বিকেলে বোলারদের নৈপুণ্যে ম্যাচের তৃতীয় দিনটি নিজেদের করে নিয়েছে পাকিস্তান। গতকাল দিন শেষে ৪৮ রানে এগিয়ে আছে স্বাগতিকরা।
নিউজিল্যান্ডের ২৭৪ রানের বিপরীতে গতকাল পাকিস্তানের প্রথম ইনিংস শেষ হয় ৩৪৮ রানে। পাকিস্তানের এই স্কোরে মূল অবদান আজহার আলী ও আসাদ শফিকের। আজহার ১৫তম ও শফিক ১২তম টেস্ট সেঞ্চুরি করেছেন। কিছুটা ধীরগতিতে ব্যাটিং করেছেন দুজনই। ২৯৭ বলে ১২টি চারে আজহার করেছেন ১৩৪ রান। ২৫৯ বলে ১৪টি চারে শফিক খেলেছেন ১০৪ রানের ইনিংস। মিডল অর্ডারে তাদের ২০১ রানের জুটির পরও পাকিস্তানের স্কোরটা চারশ’ পার হয়নি। ৬২ রানে শেষ সাত উইকেট হারিয়েছে দলটি। হারিস সোহেল ৩৪, অধিনায়ক সরফরাজ ২৫, বাবর আজম ১৪, বিলাল আসিফ ১১ রান করেন। নিউজিল্যান্ডের পক্ষে সমারভিল চারটি, বোল্ট-প্যাটেল দুটি করে, সাউদি একটি উইকেট পান।
পরে ৭৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে খেলতে নামে ব্ল্যাক ক্যাপসরা। দুই ওপেনারকে হারিয়ে ২ উইকেটে ২৬ রান তুলে দিন শেষ করেছে নিউজিল্যান্ড। অধিনায়ক কেন উইলিয়ামসন ১৪, সমারভিল ১ রানে ব্যাট করছেন। রাভাল শূন্য, ল্যাথাম ১০ রান করেন।