মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
বিশেষ প্রতিনিধি
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। আসন্ন ঈদে যাতে মানুষ নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, তার ব্যবস্থা করা হচ্ছে। তবে ডেঙ্গু নিয়ে আমরা চিন্তিত। সেজন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি। যাতে নিয়ন্ত্রণে রাখা যায়। গতকাল আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাশেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, শিল্পমন্ত্রী, স্থানীয় সরকার মন্ত্রী, বেসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী ও বিভিন্ন আইনশৃঙ্ঘলা বাহিনীরা ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মন্ত্রী বলেন, গুজবের বিষয়ে আমরা জাতির সচেতনতা কামনা করছি। সবাই দায়িত্বশীল নাগরিক হিসেবে গুজবে যাতে কান না দেয়। গুজব ছড়ানো প্রতিরোধে প্রশাসন কাজ করে যাচ্ছে।
আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান আ ক ম মোজাম্মেল হক।
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে বেসরকারি সংস্থাগুলো সঠিকভাবে তহবিল খরচ করছে না—এমন অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী বলেন, এ সংক্রান্ত কোনো রিপোর্ট আমাদের কাছে আসেনি। রিপোর্ট পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।