আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যাদের ব্যর্থতার দগদগে ঘা রয়েছে তারাই ঢাকার দুই মেয়র ও স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করেন। গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের জরুরি সভায় তিনি আরো বলেন, আন্দোলনে ব্যর্থ, নির্বাচনে ব্যর্থ, বিরোধী দল হিসেবে ভূমিকা না রাখতে পারার ব্যর্থতার জন্য বিএনপিরই টপ টু বটম পদত্যাগ করা উচিত। তারা বন্যার্তদের পাশেও দাঁড়াতে পারেনি। বিএনপির মতো ব্যর্থদের মুখে কারো পদত্যাগের কথা একেবারে বেমানান। ডেঙ্গু প্রতিরোধে দেশের সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করে ওবায়দুল কাদের বলেন, ডেঙ্গু প্রতিরোধে সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালাবে আওয়ামী লীগ। আজ বুধবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত পরিচ্ছন্নতা অভিযান চালাবে। কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতারা ধানমন্ডিস্থ দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এবং তার আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালাবেন। একই সময় ঢাকার প্রতিটি ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান চালাবে নগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা। ওবায়দুল কাদের বলেন, আগামী ২ আগস্ট শুক্রবার জুমার নামাজের কারণে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত অভিযান চালাবে। আর ৩ আগস্ট যথারীতি ১০টা থেকে ১টা পর্যন্ত পরিচ্ছন্নতা অভিযান চলবে। ‘এই পরিচ্ছন্নতা কর্মসূচি দায়সারা হবে না। জেলা-উপজেলা পর্যায়ে নেতারাও এই অভিযানে অংশ নিবেন। এখন সংসদ অধিবেশনের কার্যক্রম চলছে না। সংসদ সদস্যরাও নিজ নিজ এলাকায় এই পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিবেন। ডেঙ্গু ও গুজব প্রতিরোধে মসজিদের ইমামদেরকেও জুমার খুতবায় আলোচনা করার আহ্বান জানান সেতুমন্ত্রী। অ্যাডিস মশার উত্পত্তিস্থল পরিষ্কার-পরিচ্ছন্ন করার কর্মসূচিতে অংশগ্রহণের জন্য দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, অ্যাডিস মশা বাহিত রোগ ডেঙ্গু বর্তমানে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডেঙ্গু প্রতিরোধে সার্বিক দিক-নির্দেশনা প্রদান করেছেন। তিনি বলেন, ‘শুধু দলীয় নেতা-কর্মী নয়, সর্বস্তরের জনগণের কাছে নিজ নিজ গৃহ, অফিস ও এলাকা যেখানে অ্যাডিস মশার উত্পত্তি হয়, সেসব স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করার জন্য আমি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।’ এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ফেরি পারাপারে অপেক্ষায় থেকে শিশু তিতাস মৃত্যুর ঘটনায় যেই দায়ী হোক আইনের ঊর্ধ্বে কেউ নয়। তিনি বলেন, পদ্মাসেতুর নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। সেই সেতুতে নাকি মানুষের মাথার প্রয়োজন বলেও একটি মহল গুজব ছড়াচ্ছে। সেতুমন্ত্রী বলেন, আমাদের সামনে যে চ্যালেঞ্জ তা আমরা অতিক্রম করবই। এজন্য সংগঠনের নেতাকর্মীদের সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। আগামী শুক্রবার দেড়টায় নির্বাচন কমিশনে আওয়ামী লীগের দলীয় আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়া হবে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম প্রমুখ।