একটি ধর্ষণ মামলার আসামি র্যাব-৭-এর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। তার নাম মো. আরমান (২৪)। সে পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের মালিয়ারা গ্রামের মো. তৈয়বের পুত্র। সোমবার ভোররাতে বন্দুকযুদ্ধে এই ধর্ষণকারী নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে র্যাব-৭ একটি অস্ত্র, সাতটি তাজা গুলি ও ৯টি গুলির খোসা উদ্ধার করেছে।
পুলিশ জানায়, উপজেলার জিরি ইউনিয়নের মালিয়ারা গ্রামের অষ্টম শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলার আসামি আরমানকে গ্রেফতার করতে অভিযান চালাতে গেলে পটিয়ার কুসুমপুরা ইউনিয়নের মেহেরআটিতে বন্দুকযুদ্ধে ঘটনাস্থলেই আরমান মারা যায়।
পটিয়া থানার উপপরিদর্শক বোরহান জানিয়েছেন, ধর্ষণ মামলার আসামি গ্রেফতার করতে র্যাব-৭ অভিযানে গেলে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় র্যাব পালটা গুলি চালালে ঘটনাস্থলে ধর্ষণকারী নিহত হয়। পরে ঘটনাস্থল থেকে আরমানের গুলিবিদ্ধ মরদেহ, একটি অস্ত্র, সাতটি তাজা গুলি ও নয়টি গুলির খোসা উদ্ধার করেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।