সোনারগাঁয়ের পর্যটন নগরী পানাম ও বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন সড়কের বিভিন্ন জায়গায় গর্তের সৃষ্টি হয়ে পানি আর কাদা মাটি জমে বেহাল দশায় পরিণত হয়েছে। এতে সোনারগাঁয়ে বেড়াতে আসা শত শত পর্যটক ও স্থানীয়দের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জানা যায়, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সওজের এ সড়কটি মেরামত করা হলেও কিছু দিনের মধ্যেই এ রাস্তায় খানাখন্দের সৃষ্টি হয়। সামান্য বৃষ্টি হলেই হাঁটু সমান পানি জমে যান চলাচলে বিঘ্ন ঘটছে। এলাকাবাসীর আন্দোলন ও বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্তৃপক্ষের লিখিত আবেদনের পরও কোনো সুরাহা হয়নি। গত ৫ মাস আগে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের ইট সুরকি দিয়ে কাজ সম্পন্ন করে বলে এলাকাবাসী অভিযোগ করেন।
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উপ-পরিচালক রবিউল ইসলাম বলেন, গত শুক্রবার বাংলাদেশে সফররত ওআইসির ৫০ সদস্যের একটি প্রতিনিধিদল বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন ও পানাম নগরী পরিদর্শন করতে এসে এ রাস্তার কারণে দুর্ভোগে পড়ে। এ রাস্তাটির কারণে দেশি-বিদেশি পর্যটকদের কাছে সোনারগাঁয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।
নারায়ণগঞ্জ সড়ক বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মতিয়ার রহমান বলেন, সড়কটিতে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি জমে খানাখন্দের সৃষ্টি হয়েছে। সড়কটি দ্রুতসংস্কার করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। আশা করি দ্রুত সড়কটি ড্রেনেজ ব্যবস্থাসহ সংস্কার করা হবে।