গাজীপুর সিটিতে অ্যাডিস মশা নিধনে কার্যক্রম শুরু

গাজীপুর সিটি করপোরেশনের উদ্যোগে ডেঙ্গু জ্বরের বাহক অ্যাডিস মশা নিধনে ব্যাপক কার্যক্রম শুরু করা হয়েছে। মঙ্গলবার সকালে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম। উদ্বোধনী অনুষ্ঠানে মেয়রসহ বক্তব্য রাখেন গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, বিশিষ্ট পরিবেশবিদ কলাম লেখক সৈয়দ আবুল মাকসুদ, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. আমীর হোসাইন, গাজীপুর জজ কোর্টের জিপি অ্যাড. আমজাদ হোসেন বাবুল প্রমুখ। পরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীসহ সর্বস্তরের জনগণের অংশগ্রহণে এক সচেতনতামূলক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নগরভবনে  এসে শেষ হয়। এ সময় শহরের বিভিন্ন স্থানে মশার ওষুধ স্প্রে করা হয়।

বারিতে আলোচনা : বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর আয়োজনে ডেঙ্গু জ্বর প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মঙ্গলবার সকালে গাজীপুরস্থ ইনস্টিটিউটের সেমিনার কক্ষে “ডেঙ্গু রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বারির পরিচালক (সেবা ও সরবরাহ) ড. বাবু লাল নাগের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত মহাপরিচালক জেবুন নেছা। 

সিরাজদিখানে ডেঙ্গু প্রতিরোধে মা সমাবেশ

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা জানান, মুন্সীগঞ্জের সিরাজদিখানে ডেঙ্গু প্রতিরোধ ও ছেলেধরা আতঙ্ক সম্পর্কিত সচেতনতামূলক মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ফুলহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী শিক্ষা অফিসার সবিতা রানী সরকারের সঞ্চালনায় ও ফুলহার সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হোসেন আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফিকুন নাহার, বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. বেলায়েত হোসেন। আরো উপস্থিত ছিলেন রাজানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল হোসেন হাদী, ফুলহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলেনা বেগম, রাজানগর এক নম্বর ওয়ার্ড ইউপি সদস্য তৈয়ব আলী মৃধা প্রমুখ।