ফরিদপুর-৪ আসনের এমপি মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, লেখাপড়ার সাথে সাথে খেলাধূলা শিক্ষার্থীদের জরুরি একটি বিষয়। খেলাধুলা করলে শরীরের পাশাপাশি মনও ভালো থাকে। প্রতিটি স্কুলেই শিক্ষার্থীদের জন্য খেলাধুলার ভালো পরিবেশ বজায় রাখতে শিক্ষক ও অভিভাবকদের সজাগ থাকতে হবে। সকলকেই মনে রাখতে হবে আজকের খুদে শিক্ষার্থীরাই আমাদের আগামী দিনের ভবিষ্যত্। ফরিদপুরের ভাঙ্গায় মঙ্গলবার বিকেলে ভাঙ্গা কে,এম কলেজ মাঠে ‘বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৯’ এর ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকতাদিরুল আহমেদের সভাপতিত্বে উক্ত ফুটবল খেলায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান। অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মুন্সী রুহুল আসলাম। খেলায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ টুর্নামেন্টে জান্দী সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ৬-০ গোলের ব্যবধানে হারিয়ে চুমুরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে একই মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টে গতবারের চ্যাম্পিয়ন চুমুরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবারও বড়দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।