নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ডুবে যাওয়া সিমেন্টবাহী একটি ট্রলার থেকে নিখোঁজ ২ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার বৈদ্যোরবাজার ইউনিয়নের সোনাময়ী এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করে ফায়ার সার্ভিস। নিহতরা হলেন- রানা ও শুভ।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে আমান সিমেন্ট ফ্যাক্টরির সামনে সিমেন্টবাহী ওই ট্রলারটি মাঝনদীতে ডুবে গেলে দুই যুবক নিখোঁজ হন। ধারণা করা হচ্ছে, ট্রলারের তলা ফেটে পানি ঢুকে ট্রলারটি ডুবে গেছে। পরে খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের ডুবুরি দল বৃহস্পতিবার রাতে উদ্ধার অভিযান শুরু করলেও নদীতে তীব্র স্রোতের কারণে তা বন্ধ রাখতে হয়। পরে শুক্রবার সকাল থেকে আবার অভিযান চালিয়ে বিকেলে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
বৈদ্যেরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মাহবুবুর রহমান জানান, বিকেলে অভিযান চালিয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। পরিবারের আবেদনের পর ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।
সোনারগাঁ ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার জাহেদুল ইসলাম বলেন, আমান সিমেন্ট ফ্যাক্টরি থেকে বরিশালগামী ট্রলারটিতে প্রায় দুই হাজার বস্তা সিমেন্ট বোঝাই করা ছিল। ধারণা করা হচ্ছে, ট্রলারের তলা ফেটে পানি ঢোকার পরই ট্রলারটি নদীতে তলিয়ে যায়।