মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি বলেছেন, উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ এখন রোল মডেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে। এই অগ্রযাত্রাকে ব্যাহত করার ষড়যন্ত্র বুদ্ধিমত্তার সাথে মোকাবিলা করতে হবে। তিনি গুজবে কান না দিয়ে সকলকে সচেতনভাবে কাজ করার আহ্বান জানান। একই সাথে মন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সকলকে পরিচ্ছন্ন পরিবেশ ও সতর্কতা নিশ্চিত করা অনুরোধ জানান। ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, পল্টনে বসে রাজনীতি হয় না। রাজনীতি করতে গেলে মাঠে থাকতে হয়, জনগণের পাশে থাকতে হয়। আওয়ামী লীগ সরকারে থাকলেও জনগণের পাশে থাকে, বিরোধী দলে থাকলেও জনগণের পাশে থাকে। গতকাল মঙ্গলবার দুপুরে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের সভাকক্ষে আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে এই মতবিনিময়ে জেলা পর্যায়ের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনীতিক, সাংবাদিকসহ সুশিল সমাজের নেতৃবৃন্দ অংশ নেন। মতবিনিময়ের শুরুতেই জেলা প্রশাসক জেলার সার্বিক পরিস্থিতি নিয়ে মাল্টিমিডিয়ায় একটি প্রতিবেদন উপস্থাপন করেন।