শীর্ষ সন্ত্রাসী শাহদাতের সেকেন্ড ইন কমান্ড শুটার সবুজ গ্রেফতার

রাজধানীর মিরপুরের বহুল আলোচিত রফিকুল ইসলাম জুনায়েত হত্যা মামলার প্রধান আসামি শীর্ষ সন্ত্রাসী শাহদাতের সেকেন্ড ইন কমান্ড শুটার সবুজকে (২২) গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গত সোমবার রাতে যমুনা ফিউচার পার্ক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

প্রায় সাড়ে তিন বছর আগে এক কোটি টাকা চাঁদা না দেওয়ায় শাহদাতের নির্দেশে জুনায়েতকে গুলি চালিয়ে হত্যা করা হয়। গ্রেফতারকৃত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। সবুজের পিতার নাম নুরু মিয়া। বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানাধীন লতুয়ামুড়া পশ্চিমপাড়া গ্রামে।

পিবিআই সূত্রে জানা গেছে, জুনায়েত হত্যার ঘটনায় তার ছোট ভাই ডা. সাঈদ হোসেন সোহাগ (৩২) বাদী হয়ে অজ্ঞাত খুনিদের আসামি করে দারুস সালাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। প্রথমে মামলাটি দারুস সালাম থানা পুলিশ তদন্ত করে। ঐ মামলায় পুলিশ সোহেল ওরফে শুটার সোহেল (৩৫) ও শেখ মৃদুল ওরফে বাবু ওরফে মির্জাকে (৩৪) গ্রেফতার করে। পরে ডিবি পুলিশ তদন্তকালে হত্যাকাণ্ডে জড়িত আব্দুর রহিম ও আনোয়ার হোসেন পলাশকে গ্রেফতার করে। আসামিদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসা অন্য আসামিদের গ্রেফতার না করেই ডিবি পুলিশ আট জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। ঘটনার মূল কারণ উদ্ঘাটন এবং আসামি গ্রেফতার না হওয়ায় মামলার বাদী আদালতে নারাজি আবেদন করেন। আদালত মামলাটি তদন্তের দায়িত্ব দেয় পিবিআইকে।