গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের ভাঙ্গায় অভিযান চালিয়ে ২২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সংসদীয় আসন পুনর্বিন্যাসের দাবিতে আন্দোলনকে কেন্দ্র করে ভাঙচুর মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে ভাষ্য পুলিশের।
সর্বশেষ শনিবার (১৫ নভেম্বর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার বিকাল থেকে শনিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, সংসদীয় আসন পুর্নবিন্যাসের দাবিতে গত গত ১৫ সেপ্টেম্বর আন্দোলন করেন এলাকার বাসিন্দারা। সেদিন এক পর্যায়ে ভাঙ্গা থানাসহ সরকারি অফিসসহ একাধিক স্থাপনায় ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এসব ঘটনায় চারটি পৃথক মামলা দায়ের করা হয়। এসব মামলার আসামি হিসেবে ২২ জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, ফরিদপুর-৪ আসনের নির্বাচনী সীমানা থেকে আলগী ও হামিরদী ইউনিয়ন দুটি কেটে নিয়ে ফরিদপুর-২ আসনে সংযুক্ত করায় গত ১৫ সেপ্টেম্বর ভাঙ্গাবাসীর আন্দোলনকে কেন্দ্র করে ভাঙ্গা থানাসহ একাধিক সরকারি অফিস ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ওই সময় ভাঙ্গা থানায় চারটি মামলা রুজু হয়। এ মামলার আসামি হিসেবে পুলিশ গত শুক্রবার শনিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।