ফরিদপুর-বরিশাল মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
শুক্রবার (১৬ অক্টোবর) রাতে ভাঙ্গা উপজেলার বাবলাতলা নামক বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত হিটলার বিশ্বাস গোপালগঞ্জ জেলার বড় ডুমরাসুর এলাকার সুভাষ চন্দ্র বিশ্বাসের ছেলে৷ তিনি ঢাকা জেলার দোহার থানার শাইনপুকুর তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন।
ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে পূজার ছুটিতে কর্মস্থল থেকে মোটরসাইকেল চালিয়ে গোপালগঞ্জের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন পুলিশ সদস্য হিটলার বিশ্বাস। এসময় দুর্ঘটনাস্থল বাবলাতলা এলাকায় পৌঁছালে ‘সার্বিক পরিবহনের’ একটি পরিবহন বাস তার মোটরসাইকেলটি ধাক্কা দেয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি তৌহিদ আহমেদ জানান, মোটরসাইকেলটিকে সার্বিক পরিবহন নামের একটি বাস ধাক্কা দিলে আমাদের পুলিশ সদস্য নিহত হয়েছে। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
