বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ডেঙ্গু ও বন্যা নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে এখন সবকিছুকেই ‘গুজব’ বলে চালিয়ে যাচ্ছে। আমি সরকারের কাছে প্রশ্ন করতে চাই-কোনটা গুজব? ডেঙ্গু মহামারি আকারে ছড়িয়ে পড়েছে এটা? মহিলাদের প্রতিনিয়ত ধর্ষণ করা হচ্ছে এটা? শিশুদের প্রতিনিয়ত নির্যাতন করা হচ্ছে এটা? শেয়ারবাজার থেকে গত দুই সপ্তাহে ২৭ হাজার কোটি টাকা লুট করা হয়েছে এটা? ব্যাংক লুট করে খালি করে দেওয়া হয়েছে এটা? গুম-খুন-হত্যা করা হচ্ছে এটা? নাকি নির্বাচন কমিশন থেকে সংবিধান লঙ্ঘন করে হজ পর্যবেক্ষণে গেছে এটা গুজব? গুজব আসলে কোনটা?
গতকাল মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্বাধীনতা হলে বেগম খালেদা জিয়ার জামিন বারবার বাধাগ্রস্ত করার প্রতিবাদে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। নাগরিক অধিকার আন্দোলন ফোরাম এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। আরো বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, শাহ মোহাম্মাদ নেছারুল হক,সাবিরা নাজমুল,নাসির উদ্দিন হাজারী,জাহাঙ্গীর আলম প্রমুখ।
খসরু বলেন,সরকারের কাছে তো সবকিছু গুজব বলে উড়িয়ে দেওয়া ছাড়া কোনো পথ নেই। তারা সবকিছু নিয়ন্ত্রণে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে।