পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ট্রেনের আগাম টিকিটি বিক্রির দ্বিতীয় দিন গতকাল মঙ্গলবার কমলাপুর স্টেশনে ছিল উপচেপড়া ভিড়। তবে বাসের মতো ট্রেনের টিকিটেরও সবচেয়ে বেশি চাহিদা দেখা যাচ্ছে আগামী ৮, ৯ ও ১০ আগস্টের।
কমলাপুর রেলস্টেশন থেকে যে ১৬টি আন্তঃনগর ট্রেনের আগাম টিকিট দেওয়া হচ্ছে সেখানে এই তিন তারিখের টিকিটের চাপ বেশি। সোমবার থেকে শুরু হওয়া ট্রেনের টিকিট রাজধানীর কমলাপুর, বনানী, বিমানবন্দর, তেজগাঁও ও ফুলবাড়িয়া পুরাতন রেলওয়েস্টেশন থেকে বিক্রি শুরু হচ্ছে।
গতকাল সকাল ৬টা থেকে মোবাইল অ্যাপ ও অনলাইনে এবং সকাল ৯টায় কাউন্টার থেকে শুরু হয় ৮ আগস্টের টিকিট বিক্রি। আজ বুধবার বিক্রি হবে ৯ আগস্টের। বৃহস্পতিবার ১০ আগস্টের এবং শুক্রবার ১১ আগস্টের আগাম টিকিট দেওয়া হবে। অপর দিকে ট্রেনের আগাম টিকিট বিক্রিতে অনিয়ম, কালোবাজারি হচ্ছে কী না তা দেখতে কমলাপুর রেল স্টেশনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
কমলাপুর রেল স্টেশন থেকে দেওয়া হচ্ছে রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগের টিকিট, বিমানবন্দর থেকে নোয়াখালী ও চট্টগ্রাম, তেজগাঁও থেকে ময়মনসিংহ ও জামালপুর, বনানী থেকে নেত্রকোনা এবং পুরাতন ফুলবাড়িয়া থেকে দেওয়া হচ্ছে সিলেট ও কিশোরগঞ্জের টিকিট।
কমলাপুর স্টেশন ম্যানেজার মোহাম্মদ আমিনুল হক জানান, ঈদ উপলক্ষ্যে গতকাল আন্তঃনগর, মেইলসহ তিনটি স্পেশাল ট্রেনের আগাম টিকিট বিক্রি করা হয়েছে। বিক্রি হয়েছে ২৭ হাজার ৮৮৫টি টিকিট। এর মধ্যে কমলাপুর স্টেশন থেকে ১৬টি ট্রেনের ১৩ হাজার ৭৩৫টি টিকিট বিক্রি করা হয়েছে।
যাত্রীদের অভিযোগের ব্যাপারে তিনি বলেন, আমাদের সক্ষমতা অনুযায়ী আমরা টিকিট বিক্রি করছি। সবাইকে টিকিট প্রদান করা সম্ভব হবে না। তবে কোনো রকম ঝামেলা ছাড়াই টিকিট বিক্রি করা হচ্ছে, যতক্ষণ পর্যন্ত টিকিট থাকবে ততক্ষণ বিক্রি করা হবে।
কমলাপুর স্টেশনে দুদকের অভিযান : ট্রেনের আগাম টিকিট বিক্রিতে অনিয়ম, কালোবাজারি হচ্ছে কি না তা দেখতে কমলাপুর রেল স্টেশনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সকাল সোয়া ১০টার দিকে কমলাপুরে টিকিট বিক্রি কার্যক্রম তদারকি করতে যায় দুদকের একটি দল।
অভিযান পরিচালনাকারী দুদকের সহকারী পরিচালক জি এম আহসানুল কবির জানান, ট্রেনের তাপানুকূল বগির টিকিট বিক্রিতে অনিয়মের অভিযোগ পেয়ে আমরা এখানে এসেছি। তবে আমরা কোনো অনিয়ম পাইনি। অনলাইনে টিকিটের বিষয়ে কিছু অভিযোগ রয়েছে, সেটি খতিয়ে দেখা হচ্ছে। টিকিট বিক্রির অনিয়ম খতিয়ে দেখতে অন্য স্টেশনেও অভিযান চালানো হবে বলে জানান দুদকের এ কর্মকর্তা।
অ্যাপে তিন মিনিটেই টিকিট হাওয়া: যাত্রীদের সুবিধার্থে অ্যাপ ও অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। তবে অনলাইনে বিক্রি শুরুর মাত্র তিন মিনিটেই ট্রেনের টিকিট শেষ হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল রাজধানীর কমলাপুর রেল স্টেশনে একাধিক যাত্রী এমন অভিযোগ করেন।
তবে যাত্রীদের এসব অভিযোগের ব্যাপারে রেলওয়ের ই-সেবা প্রদানকারী বেসরকারি প্রতিষ্ঠান কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম (সিএনএস) লিমিটেডের নির্বাহী পরিচালক জিয়াউল আহসান সরোয়ার বলেন, আমরা স্বচ্ছ প্রক্রিয়ায় টিকিট বিক্রি করছি, এখানে অনিয়মের কোনো সুযোগ নেই। ১৫শ’ এসি টিকিট অনলাইনে দেওয়া আছে। এখন যদি ১৫ হাজার লোক একসঙ্গে ঢুকে তাহলে সবাই টিকিট পাবেন কী ভাবে?