চট্টগ্রাম শিক্ষা বোর্ড

এইচএসসিতে পুনর্নিরীক্ষণে জিপিএ-৫ পেলেন আরও ৩২ জন

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল প্রকাশিত হয়েছে। নতুন ফলাফলে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতাভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের আরও ৩২ জন পরীক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন। পাশাপাশি পূর্বে ফেল করা ৩৯৩ শিক্ষার্থী পাস করেছেন বলে নিশ্চিত করেছে চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা শাখা।

রোববার (১৬ নভেম্বর) সকালে পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশ করা হয়। বোর্ড সূত্র জানায়, এবার মোট ২৮ হাজার ৩৪১ শিক্ষার্থী ১ লাখ ১০ হাজার ২২৯টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করেন। এর মধ্যে ১ হাজার ২৩৬ জন পরীক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে।

চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, নতুন করে ৩২ জন জিপিএ-৫ পেয়েছেন। একাধিক বিষয়ে নম্বর পরিবর্তন হয়েছে এমন শিক্ষার্থী ১০ জন। কেউ দুই বিষয়ে, কেউ চার বিষয়ে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করেছিলেন। অনেকের এক বিষয়ে গ্রেড পরিবর্তন হয়েছে, তবে সার্বিক ফলাফল ফেল থেকে গেছে।

এর আগে গত ১৬ অক্টোবর উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। এতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ৫২ দশমিক ৫৭। জিপিএ-৫ পেয়েছেন ৬ হাজার ৯৭ জন। পাস করা শিক্ষার্থীর সংখ্যা ৫৩ হাজার ৫৬০ জন। সব মিলিয়ে এবার পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ২ হাজার ৯৭০ জন। নতুন ফলাফল অনুযায়ী, এ বছর জিপিএ-৫ পেয়েছেন মোট ৬ হাজার ১২৯ জন। পাস করেছেন ৫৪ হাজার ৭৯৬ জন।